Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login জেলা অন্য হাতির আক্রমণে গুরুতর অসুস্থ ‘রাজু বাহাদুর’, চিকিৎসায় থাই বিশেষজ্ঞ দল প্রতিনিধি শ্রীপুর, গাজীপুর প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৪: ১২ ‘রাজু বাহাদুর’ নামের হাতিটির একটি পা ভেঙে গেছে। গাজীপুর সাফারি পার্কে হাতিটি দেড় মাস ধরে চিকিৎসাধীন ছবি: প্রথম আলো নারায়ণগঞ্জ থেকে উদ্ধার হওয়া হাতি ‘রাজু বাহাদুর’ গাজীপুর সাফারি পার্কে দেড় মাস ধরে চিকিৎসাধীন। অন্য একটি হাতির আক্রমণে আহত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে সে। তার চিকিৎসার জন্য থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়েছে।
গাজীপুর সাফারি পার্কের বন্য প্রাণী চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইন প্রথম আলোকে বলেন, হাতিটির একটি পা ভেঙে গেছে। অন্য একটি পায়েও আঘাত আছে। বর্তমানে সে দাঁড়াতে পারছে না। থাইল্যান্ড থেকে আসা বিশেষজ্ঞ দল ও দেশের কয়েকজন চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে সাফারি পার্কের হাতিশালায় তার চিকিৎসা চলছে। এ ছাড়া শ্রীলঙ্কার চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করা হয়েছে। হাতিটির বর্তমান শারীরিক অবস্থা ভালো নয়।
বন বিভাগের একটি সূত্র জানায়, ২০২৫ সালের জানুয়ারিতে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট নারায়ণগঞ্জ থেকে ‘রাজু বাহাদুর’ নামের হাতিটিকে উদ্ধার করে। মো. আতিকুর রহমান নামের এক ব্যক্তির মালিকানাধীন হাতিটি রাস্তায় ও বিভিন্ন বাজারে চাঁদাবাজির কাজে ব্যবহৃত হতো। খবর পেয়ে বন বিভাগ হাতিটিকে উদ্ধার করে সাফারি পার্কের হাতিশালায় নেয়। হাতিটির বয়স এখন ১০ বছরের বেশি।
পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৪ মে হাতিশালায় হাতিটির ওপর সাফারি পার্কের অন্য একটি হাতি আক্রমণ করে। আক্রমণের ধাক্কায় সে মাটিতে পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পায়। ঘটনার পর একটি ক্রেন এনে হাতিটিকে সেখান থেকে তুলে বালুর ওপর রাখা হয়।
চিকিৎসকেরা নিশ্চিত করেছেন, অন্য হাতির আক্রমণে পড়ে যাওয়ার কারণে ‘রাজু বাহাদুর’-এর পা ভেঙে যায়। এক্স-রে করে বিষয়টি নিশ্চিত হয়েছেন চিকিৎসকেরা। আহত হাতিটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত ৪ জুন থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্য প্রাণী চিকিৎসক দল আনা হয়।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান হাতিটির চিকিৎসার বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে ‘রাজু বাহাদুর’সহ সাফারি পার্কে মোট ১০টি হাতি আছে।